উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানান, চামোলি জেলার জোশীমঠের কাছের একটি গ্রামে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থান বদরীনাথ থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অঞ্চলটিতে প্রবল বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে গিয়েছিল। ভারতের আবহাওয়া দফতর আগেই ঝড়বৃষ্টি, শিলাবৃষ্টি ও তীব্র বাতাসের পূর্বাভাস দিয়ে ওই এলাকায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছিল।
দুর্ঘটনাস্থলটি দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় আরোহীদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এসডিআরএফ) যৌথ টিম দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, গুরুতর আহতদের তাৎক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডে প্রতি বছর চারধাম যাত্রায় (বদরীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী) লাখ লাখ পুণ্যার্থী অংশ নেন। দুর্গম পাহাড়ি পথ এড়াতে অনেকে হেলিকপ্টার সেবা ব্যবহার করে থাকেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ অঞ্চলে বেশ কয়েকটি প্রাণঘাতী হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০২৫ সালের জুনে কেদারনাথের কাছে একই ধরনের দুর্ঘটনায় সাতজন নিহত হন।





