নেত্রকোণায় ভারতীয় রুপিসহ একজন আটক
রিফাত আহমেদ রাসেল
নেত্রকোণার কলমাকান্দায় অভিযান চালিয়ে ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপিসহ দুলাল মিয়া (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ (শনিবার, ৩১ অক্টোবর) দুপুরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ব্যাঙকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক পুলিশ। আটককৃত দুলাল মিয়া ব্যাঙকোনা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল মিয়ার বসতঘরে অভিযান চালানো হয়। এসময় তার ঘর থেকে ৫০০ রুপি মূল্যমানের ৮০৬টি ভারতীয় নোট জব্দ করা হয়। এসব নোটের মোট মূল্য ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। পরে আসামিকে নেত্রকোণা আদালতে সোপর্দ করা হয়েছে।’